বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের ফতুল্লায় অনুষ্ঠিত হয়েছে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে এবি ভেজিটেবলস ওয়েলের প্রধান কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপির সাবেক সংসদ সদস্য,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, “আজকের এই আয়োজন কোনো নির্বাচনী প্রচারণা নয়। এটি সম্পূর্ণভাবে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি ,তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়াতে পারেন।”

তিনি আরও বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণমানুষের প্রতি তার অবদানের কথা স্মরণ করেই আজ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ দোয়া মাহফিলে অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও মাদরাসার ক্ষুদে শিক্ষার্থী, হাফেজ এবং এলাকার সাধারণ মানুষের উপচেপড়া উপস্থিতি দোয়া মাহফিলকে এক অনন্য ধর্মীয় আবহে পরিণত করে। পুরো পরিবেশ জুড়ে ছিল কোরআন তিলাওয়াত, দোয়া এবং বেগম খালেদা জিয়ার সুস্থতার কামনায় গভীর আবেগময় মাহফিল। এ সময় উপস্থিত মুনাজাতকারীরা বেগম জিয়ার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মাদরাসার ক্ষুদে হাফেজ-শিক্ষার্থী এবং এলাকার শতশত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।




