নারায়ণগঞ্জের ফতুল্লায় মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার প্রলোভনে এক বুদ্ধি-প্রতিবন্ধী নাবালিকা কিশোরীকে (১৩) সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি কাউসার (৩০) কে গ্রেফতার করেছে র্যাব–১১।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে “বাংলাদেশ আমার অহংকার” স্লোগান নিয়ে সন্ত্রাসী দমন, মাদক উদ্ধার, আলোচিত অপরাধ ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে জড়িতদের দমন ও গ্রেফতারে তারা কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় অতি দ্রুত এ মামলার প্রধান আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমের বড় ভাই টেম্পোচালক এবং কিশোরীটি বুদ্ধি-প্রতিবন্ধী। গত ১৫ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৬টার দিকে ভিকটিমের খালাতো বোনের স্বামী তাকে মেলায় নিয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের করে। পরে মেলায় না নিয়ে ফতুল্লার পশ্চিম নয়ামাটি রেললাইন এলাকার একটি ভাড়া বাসায় তুলে নিয়ে যায়।
সেখানে নেওয়ার পর ভিকটিমকে ভয় দেখিয়ে এজাহারনামীয় আসামি কাউসার, আওয়াল ও বোনজামাই মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের পর ভিকটিম অসুস্থ হয়ে পড়লে তারা একটি অটোতে তুলে বাসায় পাঠিয়ে দেয়।
রাত ১১টার দিকে ভিকটিম বাসায় ফিরে তার বড় ভাইকে ঘটনার বিস্তারিত জানায়। পরে ভাই বাদী হয়ে ফতুল্লা থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনাটি প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মামলা রুজুর পর র্যাব–১১ সিপিএসসি, নারায়ণগঞ্জ গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরবর্তীতে বুধবার (১৯ নভেম্বর) রাত ১টার দিকে সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি কাউসার’কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের পর আসামি কাউসারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।






