নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সূত্র জানায়, ৫ নভেম্বর বিকেলে ফতুল্লার গিরিধারা এলাকায় তিন সংবাদকর্মীকে নির্মমভাবে মারধর করা হয়। হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘটনার পর আহত সাংবাদিক মো. আব্দুল হাই, রিফাত হোসেন এবং ইলিয়াস হোসেন স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন।
ঘটনার প্রেক্ষিতে পুলিশ শাহাদাত হোসেন (৬০) এবং তার সহযোগী শহীদুল ইসলাম (৫৫) সহ মোট ১২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করে। প্রধান আসামি হিসেবে শাহাদাতের নাম উল্লেখ করা হয়। জানা যায়, শাহাদাত হলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতা-ই-রাব্বির বাবা।
ঘটনার পরপরই কৃষক দলের কেন্দ্রীয় কমিটি জরুরি সভা ডেকে শাহাদাত হোসেনের পদ স্থগিত করে। পাশাপাশি কৃষক দলের সভাপতি কুমিবিদ হাসান জাফর তুহিন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার আদালতে তোলা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদির শাহাদাতের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং পরবর্তী শুনানির দিন পর্যন্ত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে, সাংবাদিক নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠন ও পেশাজীবী মহল। তারা দ্রুত তদন্তের মাধ্যমে সকল দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।





