ধলেশ্বরী নদী থেকে রাতের আঁধারে অনুমোদন ছাড়াই মাটি উত্তোলনের অভিযোগে চারজনকে আটক করেছে নৌ পুলিশ। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের নির্দেশে নদী ও পরিবেশ রক্ষায় এ অভিযান চালানো হয়।
জানা গেছে, একটি চক্র প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত নদীর বিভিন্ন স্থান থেকে মাটি উত্তোলন করে আসছিল। অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়।
স্থানীয়দের দাবি, এভাবে মাটি উত্তোলন অব্যাহত থাকলে নদীর তলদেশ ও তীরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। অবৈধ মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান ও নজরদারি চান তারা।




