নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন উত্তর নরসিংপুর এলাকার তারামিল সংলগ্ন জনৈক এনামুল হাজীর বাড়ির গেটের পাশের ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মশিউর (২৭)। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার ছোট ভগবানপুর এলাকার কুদ্দুসের ছেলে। বর্তমানে তিনি ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় মোসলার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিঃ) শামীম হোসেনের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল অংশ নেয়।
অভিযানকালে মশিউরের কাছ থেকে মোট ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তি মাদকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত।
এ ঘটনায় গ্রেফতারকৃত মশিউরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




