নারায়ণগঞ্জের ফতুল্লা শান্তিধারা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মিলন-সাজিদ গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে গত ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত সাড়ে ৯টার দিকে ডিবি ক-জোনের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার শান্তিধারা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— রকি সরকার ওরফে নাঈম (২৫), আজমান ওরফে লেম্বর (২৫) এবং রায়হান (২৩)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা গত ১৮ আগস্ট ২০২৬ সাইনবোর্ড এলাকায় প্রতিপক্ষ মানিক গ্রুপের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া মিলন-সাজিদ ও শান্তদের নেতৃত্বে অস্ত্রশস্ত্রসহ একত্রিত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ডাকাতির প্রস্তুতি নেওয়ার কথাও তারা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে— ৬টি রামদা, ৩টি তলোয়ার, ২টি ছুরি, ১টি সুইচ গিয়ার এবং সাইকেলের স্পোক দিয়ে তৈরি ২টি কুড়াল।
এ ঘটনায় ডিবির এসআই রুবেল মিয়া বাদী হয়ে গ্রেপ্তারকৃত ও পলাতক সন্ত্রাসীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি ফতুল্লা মডেল থানার মামলা নং-৭৭, তারিখ ২৪ আগস্ট ২০২৬; ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



