ব্যবসায়ীদের সংগঠন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থান একদিনে সফল হয়নি। এই অভ্যুত্থানের পেছনে রয়েছে রয়েছে বিএনপি নেতাকর্মীদের দীর্ঘ ১৭ বছরের আত্মত্যাগের ইতিহাস।
আজ কেউ কেউ একক ভাবে এই আন্দোলনের ক্রেডিট নিতে চায়। কিন্তু এদেশের মানুষ তো বোকা নয়। জনগণ জানেন, দীর্ঘ ১৭ বছর বিএনপি নেতাকর্মীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই সংগ্রাম করেছে, রাজপথে প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, পরিবার ও ঘর ছাড়া হয়েছে, মিথ্যা মামলার বোঝা কাঁধে নিয়ে কারাবন্দি থেকেছে, আদালতের বারান্দায় ঘুরেছে। ছাত্র-জনতার আন্দোলনকে বেগবান ও সফল করতে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং তার নেতৃত্বে আমরা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা দিনরাত রাজপথে কাটিয়েছি। বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলন চালিয়ে গেছি। যার ফল স্বরুপ ২০২৪ সালের ৫ই আগস্ট এই গণঅভ্যুত্থান সফল হয়েছে। এই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তাদের গভীর ভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।’
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কালে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাত্র ৬ মাস আগে দেশের জনগণ তাদের স্বাধীন মতামতে ভোটের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। গত ১৭ বছরে ধংস প্রাপ্ত একটি দেশকে পুনঃগঠনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ চেষ্টা করছেন। এক্ষেত্রে সকল জনগন ও রাজনৈতিক দলের উচিত সরকারের পাশে দাঁড়ানো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে, আমাদের বিরোধী দল সহযোগিতা না করে উল্টো কুৎসা রটিয়ে ও কটুক্তি করে জাতিকে বিভক্ত করছে এবং ফ্যাসিষ্ট খুনিদের ফিরে আসার পথ সুগম করছে। ফ্যাসিষ্টদের মাথাচাড়া দেওয়া ও ধংসাত্বক কাজের সকল দ্বায় বিরোধী দলকেই নিতে হবে। আমরা কারো বিরুদ্ধে ব্যাক্তিগত আক্রমণে বিশ্বাসী নই। আমাদের আহবান থাকবে অযথা বিরোধিতা থেকে বিরত থাকুন এবং দেশ পুনঃগঠনে ক্ষমতাসীন দল বিএনপিকে সহযোগিতা করুন।’
এদিকে, জুলাই স্মৃতিস্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভ‚ইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. পলাশ, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু, কৃষক দল নেতা মো. জুয়েল আরমান সহ আরও অনেকেই।





