নারায়ণগঞ্জের ফতুল্লায় কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলনে মঞ্চে মাদক ব্যবসায়ী তানভীরের উপস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ফতুল্লা থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম হোসেনকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে ফতুল্লা ডিআইটি মাঠে ফতুল্লা থানা কৃষক দলের উদ্যোগে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মঞ্চে কাশিপুরের নরসিংপুর এলাকার মাদক ব্যবসায়ী তানভীরকে ইব্রাহীম হোসেনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিতেও দেখা গেছে।
এর আগেও তানভীরকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। সম্প্রতি ফতুল্লা থানার প্রধান ফটকে তানভীরের ছবি এবং কৃষক দল নেতা ইব্রাহীম হোসেনের ছবি সংবলিত একটি ব্যানার টানানো হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিলে শেষ পর্যন্ত ব্যানারটি সরিয়ে ফেলা হয়।
উল্লেখ্য, গত ১৯ জুলাই সকালে কাশিপুরের নরসিংপুর এলাকায় জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী তানভীর ও সানির নিয়ন্ত্রিত মাদক বিক্রয়স্থলে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয় ।
এদিকে, সম্মেলনের মতো একটি রাজনৈতিক অনুষ্ঠানের মঞ্চে এমন বিতর্কিত ব্যক্তির উপস্থিতি নিয়ে নেতাকর্মীদের মধ্যেও প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।
তবে এ বিষয়ে ফতুল্লা থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম হোসেনকে একাধিকবার কল করলে তিনি তা রিসিভ করেনি তাই তার কোন বক্তব্য নেওা সম্ভব হয়নি।
তথ্যসূত্রঃ The Press News







