নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ২০ বোতল Eskuf সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) শুভংকর বিশ্বাস-এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২৪ জুলাই দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে ফতুল্লা থানার দাপা এলাকার বালুর মাঠ সংলগ্ন পঞ্চবটি–পাগলা সড়কে অভিযান পরিচালনা করে।
অভিযানে যুবরাজ (৩৮) নামে এক ব্যক্তিকে ২০ বোতল Eskuf সিরাপসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবরাজের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার উত্তর খয়রাকুড়ি এলাকায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।




