নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আফতাব আলীর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল ১৫ জুলাই ২০২৬ তারিখ দুপুর ৩টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন পশ্চিম লামাপাড়া গায়েন বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম (৪৭)-এর বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটের কক্ষ থেকে তাকে ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম পশ্চিম লামাপাড়া এলাকার মৃত সামসু গায়েনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মারামারি, প্রতারণা ও যৌতুক নিরোধ আইনে ছয়টির অধিক মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





