ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধারসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) কাজী ফেরদাউসের নেতৃত্বে থানার একটি আভিযানিক দল বুধবার (১৫ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ফতুল্লা মডেল থানার দেওভোগ নুর মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে জামাল মিয়ার বাড়ির দ্বিতীয় তলার পশ্চিম পাশ থেকে মো. রাশেদ (৩০) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার দখল থেকে বিভিন্ন আকৃতির মোট ১৬টি দেশীয় অস্ত্র, যার মধ্যে ছুরি ও চাপাতি রয়েছে, উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রসমূহ জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত রাশেদের পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড ক্রাইম প্রোফাইল (পিসিপিআর) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলার তথ্য পাওয়া গেছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।





