নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন শুক্রবার (১০ জুলাই) ফতুল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কায়েমপুর বাইতুল উকবা জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন।
নামাজের আগে তিনি মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় তিনি ভালো কাজে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সমাজের যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, দল-মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি ইতিবাচক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে।
তিনি কায়েমপুর এলাকার দীর্ঘদিনের সুপেয় পানির সংকটের বিষয়টিও তুলে ধরেন। তিনি জানান, সীমিত পরিসরে ইতোমধ্যে পানির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এ সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে এলাকায় আরও একটি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নামাজ শেষে সংসদ সদস্য মসজিদে উপস্থিত মুসল্লি ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন।





