নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে ১১ জুন রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ৪ নম্বর ওয়ার্ডের আটি হাউজিং এলাকার বিসমিল্লাহ টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মো. হাফিজ শেখ (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ তালিকার মাধ্যমে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃত হাফিজ শেখের স্থায়ী বাড়ি সোনারগাঁও উপজেলার বাংলা বাজার চরলাল এলাকায়। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পূর্ব থেকেই একটি মাদক মামলা চলমান রয়েছে।
মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।






