নারায়ণগঞ্জ । শনিবার
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দর থানা পুলিশের অভিযানে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ ইলেক্ট্রনিক প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোসা. জাকিয়া (৩১), স্বামী হোসাইন মোহাম্মদ রায়হান, সাং উত্তর ফরাজীকান্দা, থানা বন্দর, জেলা নারায়ণগঞ্জ—গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে অনলাইনে একটি বিজ্ঞাপন দেখে “Colour Brand BD” নামক একটি ফেসবুক পেজ থেকে পোশাক অর্ডার করেন। পরবর্তীতে তিনি ৫১,৬৩০ টাকা প্রতারণার শিকার হন। এ ঘটনায় তিনি বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে বন্দর থানার এসআই (নিঃ) মো. আল আমিন, এএসআই মো. রফিকুল ইসলাম, এএসআই ওয়ালী উল্লাহ এবং সঙ্গীয় ফোর্সের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। ২৪ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানাধীন এলাকায় ২২ নম্বর রোডের ৩২ নম্বর বাড়ির ৭ম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—
১) রুহুল আমিন শেখ ওরফে মুরাদ (২৯), পিতা মৃত আক্তার শেখ, মাতা রুমি আক্তার, সাং রতনদিয়া বিশ্বাসপাড়া, থানা কালুখালী, জেলা রাজবাড়ী;
২) মো. মিজান (২০), পিতা রাজ্জাক সরদার (সৌদি প্রবাসী), মাতা পান্না বেগম, সাং রতনদিয়া, থানাঃ কালুখালী, জেলা রাজবাড়ী;
৩) মো. বাইজিদ বিশ্বাস (১৯), পিতা রইচ উদ্দিন ব্যাপারী, মাতা রাজিয়া বেগম, সাং রতনদিয়া বিশ্বাসপাড়া, থানাঃ কালুখালী, জেলা রাজবাড়ী;
৪) মো. জুয়েল শেখ (২১), পিতা শফিক শেখ, মাতা রাশিদা বেগম, সাং রতনদিয়া বিশ্বাসপাড়া, থানাঃ কালুখালী, জেলা রাজবাড়ী।

অভিযানকালে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি স্মার্টফোন, ৫টি বাটন ফোন, বিভিন্ন অপারেটরের ২১টি সিম কার্ড এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৫১,৬৩০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৫ অনুযায়ী মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বন্দর থানা পুলিশ জনগণকে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >