নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কদমরসুলসহ বন্দর অঞ্চলের সব যানবাহন স্ট্যান্ডের ইজারার মেয়াদ শেষ হওয়ায় টোল আদায় বন্ধের ঘোষণা দিয়েছে নগর কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্দরের কোনো সড়কে চলাচলকারী যানবাহন থেকে টোল নেওয়া যাবে না।
নাসিক সূত্রে জানা গেছে, বন্দর এলাকার স্ট্যান্ডগুলোর ইজারা বাতিল হওয়ায় ইজারাদারদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ফলে বর্তমানে নবীগঞ্জ ঘাট, বন্দর ঘাট ও মদনগঞ্জ বাস স্ট্যান্ডে কোনো ধরনের টোল আদায় বৈধ নয়। আগে এসব স্ট্যান্ডে চলাচলকারী যানবাহন থেকে ১৫ থেকে ৫০ টাকা পর্যন্ত টোল নেওয়া হতো এবং ইজারাদাররা নির্দিষ্ট সময়ের জন্য এককালীন অর্থের বিনিময়ে এসব স্ট্যান্ডের দায়িত্ব পেতেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাজার কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, বন্দরের সব স্ট্যান্ডের ইজারার মেয়াদ শেষ হওয়ায় সেগুলো বাতিল করা হয়েছে। আপাতত নতুন করে কোনো ইজারা দেওয়া হচ্ছে না এবং কাউকে টোল দেওয়ার প্রয়োজন নেই।
তবে বাস্তবে এর ভিন্ন চিত্রও দেখা যাচ্ছে। স্থানীয় গাড়িচালক ও যাত্রীদের অভিযোগ, টোল বন্ধের নির্দেশনা থাকলেও একটি প্রভাবশালী পক্ষ এখনো অবৈধভাবে টাকা আদায় করছে। এ বিষয়ে ইতোমধ্যে ইজারাদারদের একটি অংশ সিটি কর্পোরেশনে মৌখিক অভিযোগ জানিয়েছেন।
এমন অভিযোগের প্রেক্ষিতে নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে, শহরের কয়েকটি স্ট্যান্ডে এখনো ইজারার মেয়াদ চলমান থাকায় সেখানে আপাতত নিয়ম অনুযায়ী টোল আদায় করা হচ্ছে। তবে আগামী ৩০ জুন এসব স্ট্যান্ডের ইজারার মেয়াদ শেষ হলে সেগুলোতেও টোল আদায় বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর সাখাওয়াত হোসেন খান ঘোষণা দিয়েছিলেন, নগরীর কোনো সড়কে চলাচলের জন্য টোল দিতে হবে না এবং ধাপে ধাপে এই প্রক্রিয়া বন্ধ করা হবে। বর্তমান সিদ্ধান্ত সেই ঘোষণারই বাস্তবায়ন হিসেবে দেখা হচ্ছে।





