বন্দরের এতিম ও শারীরিক প্রতিবন্ধী ভাই হালিম ও সাইদুরের পৈত্রিক সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণ করে ভোগদখল করার অভিযোগ উঠেছে সাবেক জামায়াত নেতা ও ইটালী প্রবাসী ব্যবসায়ী নুরুল ইসলাম এবং তার ভাই বোরহানের বিরুদ্ধে। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও তিন দশকে কোনো প্রতিকার পায়নি অসহায় পরিবারটি।
তথ্যানুযায়ী জানা গেছে, দীর্ঘ ৩০ বছর পূর্বে মৃত সালাউদ্দিন সরদার কোনো বৈধ দলিল ছাড়াই জোরপূর্বক এই জমিটি দখল করে ভোগকরে আসছে। তার মৃত্যুর পর তার বড় ছেলে, সাবেক ছাত্রশিবির নেতা নুরুল ইসলাম সেই জমিতে অবৈধ বসতি গড়ে তোলে আধিপত্য বজায় রেখেছেন। বর্তমানে ওই জামায়াত নেতা নুরুল ইসলাম প্রবাসে থাকলেও তার ভাই বোরহানের মাধ্যমে উল্লেখিত প্রতিবন্ধী পরিবারটিকে এলাকাছাড়া করার পাঁয়তারা চালাচ্ছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী সাইদুর রহমান জানান:”দীর্ঘ ৩০ বছর ধরে আমাদের ওয়ারিশকৃত সম্পত্তি সালাউদ্দিন গং দখল করে আছে। তাদের কোনো বৈধ দলিল নেই। আমরা যখনই আমাদের জমি ফেরত চেয়েছি, নুরুল ইসলাম ও তার ক্যাডার বাহিনী আমাদের প্রাণনাশের হুমকি দিয়েছে। এমনকি বিগত সরকারের পরিবর্তনের পরও তাদের দাপট কমেনি। আমরা এখন নিজ বাড়িতেই নিরাপত্তাহীনতায় ভুগছি।
তিনি আরও জানান, স্থানীয় থানায় জিডি এবং অভিযোগ করেও কোনো কার্যকর ফল মেলেনি। ২ বছর আগে সালিশি বিচারের আবেদন করলেও অজ্ঞাত কারণে বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে।
এলাকাবাসী জানিয়েছে, এই জমির প্রকৃত মালিক প্রতিবন্ধী হালিম ও সাইদুররা।
একাধিকবার বিচার-সালিশ হলেও নুরুল ইসলাম ক্ষমতার দাপটে দখল ছাড়েনি। অসহায় পরিবারটি এখন মানবেতর জীবন কাটাচ্ছে। নুরুল ইসলাম প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘকাল এই জমি আটকে রেখেছে। যারা ধর্ম ও ইনসাফের কথা বলে, তারা কীভাবে অন্যের হক এভাবে মেরে খায়, তা দেখে আমরা বিস্মিত। আমরা চাই যার জমি তাকে বুঝিয়ে দেওয়া হোক।
ভূমিদৎসু জামায়াত নেতা নুরুল ইসলামগং এর অনৈতিক কর্মকান্ডের আগ্রসী তৎপরতা থেকে রেহাই পাওয়ার জন্য স্থানীয় এমপি ও প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী প্রতিবন্ধী পরিবার।



