উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ ও স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে : আবুল কালাম
খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ ও স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
স্থানীয় পর্যায়ে খেলাধুলার আয়োজন বাড়ানোর পাশাপাশি এ ধরনের উদ্যোগে আয়োজকদের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি।
শুক্রবার ২ অক্টোবর বিকাল ৫টায় বন্দরের কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য আবুল কালাম।
তিনি বলেন, খেলাধুলাকে মাঠপর্যায়ে নিয়ে যেতে আমরা কাজ করছি। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার প্রতি আমার শুভকামনা রয়েছে।
আবুল কালাম আরও বলেন, উপজেলা ও ইউনিয়নভিত্তিক খেলার মাঠ এবং স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এর আগে শুক্রবার মদনপুরে আয়োজিত একটি মিলাদ মাহফিলে অংশ নেন সংসদ সদস্য। সেখানে আসরের নামাজ আদায় শেষে তিনি কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন।



