নারায়ণগঞ্জ ।
,

জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধাকে মারধরের হাত ভাঙ্গার অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মনার বাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সমর্থ বানু নামে এক বৃদ্ধা মাকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার ছেলে ও ছেলের স্ত্রীর বিরুদ্ধে।

ভুক্তভোগী সমর্থ বানুর অভিযোগ, গত ১৭ জুলাই ২০২৬ তারিখে তার ছেলে হারুন রশিদ ও তার স্ত্রী সুলতানা জালিয়াতির মাধ্যমে তার কাছ থেকে জমির দলিল লিখে নিয়েছেন। তিন শতাংশ জমির কথা বলে কৌশলে নয় শতাংশ জমি দলিলে লিখে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। বিষয়টি জানতে পেরে নিজেকে সর্বস্বান্ত দাবি করে তিনি আইনের আশ্রয় নেন এবং নারায়ণগঞ্জ আদালতে দলিল জালিয়াতির অভিযোগে মামলা করেন।

সমর্থ বানুর অভিযোগ, আদালতে মামলা করার বিষয়টি জানতে পেরে তার ছেলে হারুন রশিদ ও পুত্রবধূ সুলতানা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। এতে তার হাত ভেঙে যায় বলে দাবি করেন তিনি। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ভুক্তভোগীর আরও অভিযোগ, মামলা প্রত্যাহার না করলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এতে তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

অসহায় বৃদ্ধা সমর্থ বানু বলেন, তিনি নিজের সম্পত্তি নিয়ে ন্যায়বিচার চান। বর্তমানে সুষ্ঠু বিচারের আশায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে যাচ্ছেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।

এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা তার ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >