আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের যানবাহন সংকট নিরসন রোধে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালামের ব্যক্তিগত উদ্যোগে বন্দর থানায় ২টি পিকাপ ভ্যান হস্তান্তর করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে স্থানীয় এমপি রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা বন্দর থানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে গাড়ি দুটির চাবি পুলিশ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে।
পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর কালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ।
চাবি হস্তান্তরকালে আবুল কাউসার আশা বলেন, বন্দর থানা পুলিশের যানবাহন সংকটের বিষয়টি বিবেচনা করে সংসদ সদস্য আবুল কালাম নিজ উদ্যোগে দুটি পিকআপ ভ্যান দিয়েছেন। এগুলো যুক্ত হওয়ায় থানার নিয়মিত টহল, জরুরি অভিযান ও বিভিন্ন এলাকায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম আরও গতিশীল হবে।
তিনি বলেন, “বন্দর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ সদস্য অত্যন্ত আন্তরিক। পুলিশের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে এই দুটি গাড়ি দেওয়া হয়েছে।”
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি বলেন, “বন্দর থানা পুলিশের জন্য দুটি পিকআপ ভ্যান দেওয়ায় সংসদ সদস্য আবুল কালামের প্রতি কৃতজ্ঞতা জানাই। যানবাহন যুক্ত হওয়ায় পুলিশের টহল ও জরুরি সেবা কার্যক্রম আরও গতিশীল হবে। বিশেষ করে প্রত্যন্ত এলাকায় দ্রুত পৌঁছে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গাড়ি দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, নতুন যানবাহনগুলো যথাযথভাবে ব্যবহার করে বন্দর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশ আরও কার্যকর ভূমিকা পালন করবে।
সংশ্লিষ্টরা জানান, পিকআপ ভ্যান দুটি বন্দর থানার নিয়মিত টহল, জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করা হবে।




