নারায়ণগঞ্জের বন্দরে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. ডালিম (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।
নিহত ডালিম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।
বন্দর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডালিমের সঙ্গে একই এলাকার হাবিব (২০) নামে এক যুবকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে বুধবার রাত প্রায় ১১টার দিকে শুভকরদী এলাকায় ডালিমকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত হাবিব মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তিনি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নিহত ডালিম ও অভিযুক্ত হাবিব—দুজনই মাদকসেবী ছিলেন। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত হাবিব পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।






