নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত দ্বিতীয় শটগান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ জানায়, গত ২ জুলাই ২০২৬ ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে বন্দর থানার হরিপুর ২৭ নম্বর ওয়ার্ডের ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রের নদীর ঘাটসংলগ্ন ডিউটি পোস্টে দায়িত্ব পালনকালে সাধারণ আনসার সদস্য সৈকত মিয়া ও মো. মনিরুজ্জামান মুন্সীকে ৫-৬ জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে দুটি শটগান লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় প্লাটুন কমান্ডার মো. মনির মিয়া বাদী হয়ে বন্দর থানায় ডাকাতি মামলা দায়ের করেন।
মামলার তদন্তে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তদারকিতে ডিবির খ-জোন ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে এসআই (নিরস্ত্র) শরীফুল হাসান, এসআই (নিরস্ত্র) এস এম আব্দুল আজিজসহ ডিবির একটি দল নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে রূপগঞ্জ থানার চনপাড়া ৯ নম্বর ওয়ার্ডে জলিল নামে এক ব্যক্তির জমির পাশের ধইঞ্চা ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় লুণ্ঠিত দ্বিতীয় শটগানটি উদ্ধার করা হয়।
এর আগে, গত ১৩ জুলাই একই মামলায় লুণ্ঠিত একটি শটগান উদ্ধার এবং একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল।
পুলিশ জানিয়েছে, এ মামলায় লুণ্ঠিত দুটি শটগানই এখন উদ্ধার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



