নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আব্দুল মোতালিব (৬৪) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার ২৬ জুন সকালে মুছাপুর ইউনিয়নের কুল চরিত্র এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আনোয়ার হোসেন ও তার ভাগিনা মোহাম্মদ আলী তাকে নির্মমভাবে মারধর করলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে আব্দুল মোতালিব ১২ লাখ ১৩ হাজার টাকা পাওনা ছিলেন। দীর্ঘদিন ধরে এই টাকা পরিশোধ না করায় আজ সকালে তিনি টাকা ফেরত চাইতে যান। এ সময় ইউপি সদস্য আনোয়ার হোসেন ও তার ভাগিনা মোহাম্মদ আলীর সাথে কথা কাটাকাটি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাকবিতণ্ডার একপর্যায়ে আনোয়ার মেম্বার বৃদ্ধ আব্দুল মোতালিবকে অতর্কিতভাবে মারধর শুরু করেন। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
গুরুতর আহত অবস্থায় আব্দুল মোতালিবকে প্রথমে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কামতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তৈয়বুর রহমান জানিয়েছেন, ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ব্যবসায়ী মহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে এবং মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত ইউপি সদস্য আনোয়ার হোসেন ও তার সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”







