নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দর থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর জুয়েল ওরফে বালু জুয়েল হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিকনির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম মোস্তফা আশরাফ উদ্দিনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, গত ১৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ দুপুরে বন্দর থানাধীন নাসিক ১৯ নম্বর ওয়ার্ডের শান্তিনগর আশ্রয়ন প্রকল্প সংলগ্ন শীতলক্ষ্যা নদীর পাড় এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জুয়েল ওরফে বালু জুয়েল (৪২) স্থানীয় এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সীমান্ত, খোকন, ফাহিম, আকাশ ও আশিকসহ একদল সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে জুয়েলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত দুই এজাহারভুক্ত আসামি— আকাশ (২৩), পিতা: বাচ্চু মিয়া এবং আশিক (২৪), পিতা: মৃত রফিককে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ ঘটনায় বন্দর থানায় একটি নিয়মিত হত্যা মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >