বন্দর প্রতিনিধি: বন্দরে অত্যন্ত উৎসবমুখর ও নকলমুক্ত পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা । রোববার (৩ মে) ছিল আবশ্যিক গণিত পরীক্ষা। এ দিন উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
রোববার সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির, বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকার এবং সহকারী পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহমেদ সামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়,বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ ও বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার জানান, “আমরা প্রতিটি কেন্দ্র ঘুরে দেখেছি। শিক্ষার্থীরা অত্যন্ত মনোযোগের সাথে পরীক্ষা দিচ্ছে এবং কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নকলের অভিযোগ পাওয়া যায়নি।
সহকারী পুলিশ সুপার ইমরান আহমেদ বলেন, “পরীক্ষা কেন্দ্রের বাইরে ও ভেতরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখতে কাজ করছে পুলিশ ।
সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রগুলোর প্রবেশপথে কড়াকড়ি তল্লাশি এবং কেন্দ্রের ভেতরে কঠোর নীরবতা পালন করা হচ্ছে।
শিক্ষকরা জানান, প্রশাসনের নিয়মিত তদারকির কারণে শিক্ষার্থীরা নির্ভয়ে পরীক্ষা দিতে পারছে। অভিভাবকদের পক্ষ থেকেও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষার শেষ দিন পর্যন্ত এই স্বচ্ছতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তাঁদের নজরদারি অব্যাহত থাকবে।






