নারায়ণগঞ্জ । শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লার আরবি নিটওয়্যারে শ্রমিক অসন্তোষ

নারায়ণগঞ্জের ফতুল্লার হরিহরপাড়ার আরবি নিটওয়্যারের বেতন বকেয়া ও শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে সোমবার সকাল থেকে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। কারখানার সামনে বিক্ষোভ মিছিল ও ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে অবস্থান নেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

এসময় শ্রমিকরা বলেন, দীর্ঘদিন ধরে তারা বেতন ও ওভারটাইম ভাতা পাচ্ছেন না। উপরন্তু কোনো ধরনের নোটিশ ছাড়াই অনেক শ্রমিককে ছাটাই করা হচ্ছে। প্রায় ৫ শতাধিক শ্রমিকের বেতন পরিশোধ না করেই ভুয়া ও মিথ্যা অপবাদ দিয়ে কয়েকজনকে ছাটাই করা হয়েছে।

এদিকে শ্রমিক নেতারা বলেন, বকেয়া বেতন ও ভাতা দ্রুত পরিশোধ করতে হবে, অবৈধ ছাটাই বন্ধ করতে হবে, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

সরেজমিনে দেখা যায়, শতাধিক শ্রমিক কারখানার সামনে জড়ো হন এবং পরবর্তীতে তারা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি লোহা মার্কেটের সামনে অবস্থান নেন। আন্দোলনের কারণে ওই এলাকার সড়কে যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। পরে,সেনাবাহিনীর অনুরোধে তারা সেই স্থান ত্যাগ করে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন।

শেষ খবর পাওয়া অবদি জানা গেছে, শ্রমিকদের একটি প্রতিনিধি দল এবং আরবি নিটওয়্যারের মালিক কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনায় বসেছেন এবং মালিকপক্ষ আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >