নারায়ণগঞ্জ । বুধবার
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় ছিনতাইকারীদের আতঙ্ক

নারায়ণগঞ্জের পাসপোর্ট অফিস থেকে মাতুয়াইল শিশু হাসপাতাল পর্যন্ত সড়ক এলাকায় ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, বিশেষ করে রাত ১১টা থেকে ভোর পর্যন্ত এই এলাকা ছিনতাইকারীদের জন্য ‘নিরাপদ রুট’ হিসেবে পরিণত হয়েছে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ২১ এপ্রিল ভোর ৬টার দিকে ওই এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় এক ব্যক্তি মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করতে গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র—চাকু ও রামদা নিয়ে তাকে ধাওয়া করে। প্রাণভয়ে তিনি মোটরসাইকেল নিয়ে সরে যেতে বাধ্য হন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, এ ধরনের ঘটনা প্রতিদিনই ঘটছে। ছিনতাইকারীরা মোটরসাইকেল ব্যবহার করে হঠাৎ পথরোধ করে যাত্রী ও পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিচ্ছে। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা প্রতিরোধ করতে গেলে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

একাধিক ভুক্তভোগীর দাবি, এই চক্রটি সংঘবদ্ধভাবে কাজ করছে এবং কিশোর গ্যাংয়ের সদস্যরা এতে জড়িত থাকতে পারে। পাশাপাশি কিছু অটোরিকশা চালকেরও এ ঘটনার সঙ্গে পরোক্ষ যোগসূত্র থাকতে পারে বলে স্থানীয়রা সন্দেহ প্রকাশ করেছেন। তবে এসব অভিযোগ এখনো প্রমাণিত হয়নি।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “রাতের বেলা এই রাস্তায় চলাচল করা ভয়ংকর হয়ে গেছে। হঠাৎ করে মোটরসাইকেল এসে পথ আটকে দেয়, তারপর যা আছে সব নিয়ে যায়। কেউ প্রতিবাদ করার সুযোগই পায় না।”

এলাকাবাসীর অভিযোগ, ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এই ছিনতাইকারীরা নিয়মিতভাবে ত্রাস সৃষ্টি করছে, যার ফলে সাধারণ মানুষ আতঙ্কে চলাচল করছে। অনেকেই আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

এই পরিস্থিতিতে স্থানীয়রা দ্রুত পুলিশি টহল বৃদ্ধি এবং স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগগুলো গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট এলাকায় নজরদারি ও অভিযান জোরদার করা হবে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাসও দেওয়া হয়েছে।

এদিকে, সাইনবোর্ড এলাকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >