নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে চাঁদাবাজি ও দলীয় নেতাকর্মীদের ওপর চাপ প্রয়োগের অভিযোগ করেছেন নগরীর ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন প্রধান।
শুক্রবার (১০ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
তিনি লেখেন, “নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অযোগ্য নেতা। ওকে নারায়ণগঞ্জ বিএনপি আপামর জনগণ গণ্য করে না। টিপু এমন চাঁদাবাজি বাহিনী তৈরি করেছে- যে চান্দা না দিতে অস্বীকৃতি জানায় তাকে মামলা দেওয়ার হুমকি দেয়।”
বৃহস্পতিবার নিতাইগঞ্জের এক ব্যবসায়ী টিপুকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে টিপুর লোকজন হুমকি দেয় বলেও লেখেন আল আমিন।
তিনি পোস্টে বলেন, তার লোকজন থানায় গিয়েও পুলিশের ডিউটি অফিসারকে হুমকি দিয়ে আসে, যাতে মামলা না নেয়। উল্টো ভুক্তভোগীর নামে অপপ্রচার চালানো হচ্ছে।
“নারায়ণগঞ্জে একমাত্র টিপুর চাঁদাবাজির কারণে ব্যবসায়ীরা অসন্তুষ্ট। নারায়ণগঞ্জ ব্যবসায়ী সমাজ ও বিএনপি নেতা-কর্মী টিপুর চাপে আছে। এখন সবাই, বিএনপি নেতা-কর্মীরা ফুঁসে উঠেছে । টিপুকে নারায়ণগঞ্জ জেলার কোনো অঙ্গসংগঠনের সদস্য পদে যেন না থাকে। নারায়ণগঞ্জের আপাময় জনগণ ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেত কর্মীরা অতিষ্ঠ হয়ে টিপুর পদত্যাগ দাবি করছে। টিপুর পদত্যাগ ছাড়া নারায়ণগঞ্জ বিএনপি বিকশিত হবে না। টিপু শামীম ওসমানের পরামর্শে এখনো বিএনপি চালাইতাছে”, লিখেছেন আল আমিন।
তিনি আরও লেখেন, “বিএনপির ভেতরে থেকে বিএনপিকে ধ্বংস করবে এই আবু আল ইউসুফ খান টিপু। সে একজন সরকারি প্রশাসনিক সিনিয়র কর্মকর্তাকে হুমকি দেয় আর অপপ্রচার করে মানুষকে জিম্মি করে। সরকারি কর্মকর্তাদেরকে জিম্মি করে সে চান্দাবাজি করে, যেটার জন্য আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষের হৃদয় থেকে উঠে গেছে।”
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, “নারায়ণগঞ্জ মহানগর বিএনপিকে পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণ করলেই আপনারা বুঝতে পারবেন টিপু নারায়ণগঞ্জ বিএনপির কে, কি ক্ষতি করতাছে। এটা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আপামর নেতাকর্মীদের দাবি।”






