মুক্তিযুদ্ধের সংগঠক ও বর্ষীয়ান নারী নেত্রী শাহানা খানম চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ জোহর সোনারগাঁ উপজেলার বারদী মসলন্দপুর গ্রামে অবস্থিত দারুল উলুম ও এতিমখানা মাদ্রাসায় মরহুমার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন এটিএম কামালের ফুপা বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, বারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, আজগর আলী, করিম মেম্বার, সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মৃধা, বিএনপি নেতা সেলিম হোসেন দিপু, অধ্যাপক মনিরুজ্জামান ভূইয়া লিটন, শিক্ষক ইসমাইল মিয়া, বিএনপি নেতা শাহরিয়ার চৌধুরী ইমন, অধ্যাপক কবির মৃধাসহ পরিবারের সদস্যবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।
জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত জাগো দলের মাধ্যমে শাহানা খানম চৌধুরী রাজনীতিতে সম্পৃক্ত হন। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি, সোনারগাঁ থানা মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ মহিলা সংঘের সভাপতি, লায়োনেস ক্লাব নারায়ণগঞ্জ সিটির সভাপতি, নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান, কারা পরিদর্শক, মহিলা ক্রীড়া সংস্থার সদস্য, বারদী ইউনিয়ন পরিষদের সদস্য এবং মিশনপাড়া পঞ্চায়েতের সঙ্গেও যুক্ত ছিলেন।
শিক্ষকতা পেশার মাধ্যমে কর্মজীবন শুরু করা শাহানা খানম চৌধুরী বারদী রিভার গার্লস স্কুলে টানা ২০ বছর শিক্ষকতা করেন।
উল্লেখ্য, সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের মিশনপাড়া এলাকার নিজ বাসভবন ‘সোনারগাঁ ভবন’-এ তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওইদিন বাদ এশা মিশনপাড়া জামে মসজিদে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।








