বাংলাদেশ রিপাবলিকান পার্টির নির্বাহী চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেছেন, নারায়ণগঞ্জ হবে উন্নয়নের মডেল সিটি, অর্থনৈতিকভাবে উন্নত বিশ্বের একটি শক্তিশালী শিল্পনগরী।
সোমবার (৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কে.এম. আবু হানিফ হৃদয়, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অসংখ্য সাংবাদকর্মী।
মোহাম্মদ আলী বলেন, ১৯৯৬ সালে আমি বিএনপির এমপি ছিলাম। বেগম খালেদা জিয়া আমাকে ডেকে নিয়ে এমপি বানিয়েছিলেন। এবারেও আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলাম কিন্তু দলের স্বার্থে দল জোট করেছে আমি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর নামে বিদ্রোহী হতে পারবো না। আমার কোন ক্ষোভ নেই “সবার উপরে দেশ” এই আদর্শে আমি বিশ্বাস করি। দল-মত নির্বিশেষে আসুন আমরা সবাই নারায়ণগঞ্জবাসীকে ভালোবাসি। ব্যক্তিগত স্বার্থ নয়, নারায়ণগঞ্জের কল্যাণেই আমাদের এক হয়ে কাজ করতে হবে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এই বীর মুক্তিযোদ্ধা। এক প্রশ্নের জবাবে সম্ভাব্য হেভিওয়েট প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, এই আসনে যাদের হেভিওয়েট প্রার্থী বলা হচ্ছে, তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করছেন। তবে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি মনে করি তারা আমার কাছে কিছুই না।”
নিজেকে একজন সাধারণ কর্মী উল্লেখ করে মোহাম্মদ আলী বলেন, আমি কোনো বড় নেতা নই, একজন ক্ষুদ্র মানুষ। কিন্তু আমি বিগত দিনে মানুষের জন্য কাজ করেছি। এ অঞ্চলের মানুষ আমাকে ভালোবাসে। ভোটের মাঠে আমার গ্রহণযোগ্যতা কতটুকু তা আপনারা সবাই ইনশাআল্লাহ খুব শিগগিরই দেখতে পাবেন।
তার বক্তব্যে আত্মবিশ্বাস, রাজনৈতিক অভিজ্ঞতা ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন স্পষ্ট হয়ে ওঠেছে। সবশেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভা শেষ করেন তিনি।






