নারায়ণগঞ্জ । রবিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এটিএম কামালের মা
নারায়ণগঞ্জের প্রবীণ নারী নেত্রী শাহানা খানম চৌধুরী ইন্তেকাল করেছেন

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পরিবেশবাদী এটিএম কামালের মা, প্রবীণ নারী নেত্রী শাহানা খানম চৌধুরী (৮৬) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

সোমবার (৫জানুয়ারি ) বিকেল সোয়া ৪টায় তিনি নগরীর মিশনপাড়ায় সোনারগাঁও ভবনের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বাসায় থেকেই তার চিকিৎসা চলছিল।
শাহানা খানম চৌধুরী নারায়ণগঞ্জের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন পরিচিত একটি নাম। এক সময় সমাজসেবা ও নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি বিএনপির শুরুর দিকের রাজনীতিতেও তিনি যুক্ত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া ‘জাগো দল’-এর সঙ্গে সম্পৃক্ততার মধ্য দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু হয়।

নারী নেতৃত্বে অগ্রণী এই ব্যক্তিত্ব নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি লায়ন্স ক্লাব নারায়ণগঞ্জ সিটির সভাপতি, নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান, কারা পরিদর্শক এবং মহিলা ক্রীড়া সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন। স্থানীয় পর্যায়ে মিশনপাড়া পঞ্চায়েতের কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ ছিল।

বেশ কয়েক বছর আগে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাৎ হয়। সে সময় খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে শাহানা খানমের অভিজ্ঞতা ও বক্তব্য মনোযোগ সহকারে শুনেছিলেন—যা রাজনৈতিক অঙ্গনে তাকে ঘিরে এক বিশেষ স্মৃতি হিসেবে আলোচিত।

তার ইন্তেকালে নারায়ণগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও নারী সংগঠন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে একজন সৎ, নীরব কর্মী ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ মানুষ হিসেবে স্মরণ করছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >