নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. রায়হান কবির।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) নাইমা ইসলাম, জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
দায়িত্ব গ্রহণের পর তিনি সার্কিট হাউজের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে ট্রেজারি শাখায় প্রবেশ করলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
নতুন দায়িত্ব গ্রহণের পর মো. রায়হান কবির বলেন,“নারায়ণগঞ্জকে একটি সমন্বিত, আধুনিক ও নাগরিকবান্ধব জেলায় রূপান্তরিত করাই আমার লক্ষ্য। উন্নয়ন প্রকল্পের কার্যকর তদারকি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সরকারি সেবার মান বৃদ্ধি—এই তিনটি ক্ষেত্রেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
জেলা প্রশাসক হিসেবে যোগদানের আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের জনবিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন পদায়নের মাধ্যমে প্রথমবারের মতো তিনি জেলার সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বে যুক্ত হলেন।
কর্মজীবনে তিনি সেবা, আইসিটি, আবেদন ও তহবিল, সংবিধান ও আইন– এসব গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্ব পালন করেছেন। সুশাসন প্রতিষ্ঠা, কার্যকর সমন্বয় এবং দ্রুত জনসেবা নিশ্চিতকরণে তিনি সরকারের ভেতরে সুপরিচিত বলেও মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।








