নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লিখে যেতে চাইঃ নঈম জাহাঙ্গীর

নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আয়োজনে “বীর মুক্তিযোদ্ধা সমাবেশ” অনুষ্ঠিত হয়।নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি আজ পরিণত হয়েছিল বীরদের মিলনমেলায়। এ সভায় একত্রিত হন স্বাধীনতার স্বপ্নস্রষ্টা সেই সৈনিকরা, যারা বুকের তাজা রক্তে এদেশকে স্বাধীন করেছিলেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর। তিনি বলেন,“আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লিখে যেতে চাই। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ও শহীদদের প্রকৃত তথ্য সংরক্ষণ করতে চাই, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সত্য ইতিহাস জানতে পারে।মুক্তিযুদ্ধের সময় প্রায় ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের উপর নির্যাতনের সঠিক হিসাব ও তালিকা তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

নঈম জাহাঙ্গীর জানান, মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার নতুন ভাতা চালু করছে ,যেখানে প্রতিটি মুক্তিযোদ্ধা চিকিৎসা সহায়তা হিসেবে পাবেন ৫ লাখ টাকা এবং তাদের স্ত্রীদের জন্য নির্ধারিত হয়েছে ২ লাখ টাকার চিকিৎসা ভাতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ূন কবিরসহ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্মানিত সদস্য, স্থানীয় সাংবাদিক, আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সমাবেশে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ, মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা ও পরবর্তী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >