আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচীকে ঘিরে রাজধানীর পাশের জেলা নারায়ণগঞ্জে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে সতর্ক অবস্থানে রয়েছে এবং জনবহুল ও বাণিজ্যিক এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী, যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। ইতোমধ্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানা গত দুই দিনে আওয়ামীলীগের প্রায় ৯ জন নেতাকর্মীকে আটক করেছে বলে জানা গেছে।
শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা , যেমন বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, সরকারি অফিস ও রাজনৈতিক দলগুলোর কার্যালয় ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতের শহরে চেকপোস্ট ও তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন বলেন,“আমরা গত কয়েক দিনে ৯ জনকে আটক করেছি। প্রতিদিনই অভিযান চলছে, বিশেষ করে রাতে আমাদের কার্যক্রম বেশি। নারায়ণগঞ্জ যেহেতু বাণিজ্যিক শহর, সেজন্য আমরা একটু বেশি সতর্ক। শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় রাজনৈতিক দলগুলোও আমাদের সহযোগিতা করছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন,“আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি যাতে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম না ঘটে। নারায়ণগঞ্জ বাণিজ্যিক এলাকা হওয়ায় দায়িত্বও এখানে অনেক বেশি। পুলিশ, র্যাব, সেনাবাহিনী সবাই সমন্বিতভাবে কাজ করছে। কেউ নাশকতা বা সহিংসতার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।”
আইনশৃঙ্খলা বাহিনীর এমন প্রস্তুতিতে শহরের সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করলেও অনেকেই আশঙ্কা করছেন, আগামী ১৩ নভেম্বরের কর্মসূচী ঘিরে পরিস্থিতি যে কোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে।







