নারায়ণগঞ্জ শহরের পালপাড়া এলাকার ২০ বছর বয়সী তরুণ শিশির কুমার বীরের মরদেহ মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুই দিন পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মুন্সিগঞ্জ সদরের চরমুক্তারপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আব্দুল মাবুদ জানান, স্থানীয়রা মেট্রো সিমেন্ট কারখানা থেকে প্রায় ২০০ গজ দূরে নদীতে মরদেহটি ভাসতে দেখে ৯৯৯-এ খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের বড়বোন শুভ্রা বীর জানান, গত মঙ্গলবার রাতে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হন শিশির। পরদিন বিষয়টি জানতে পারে পরিবার। তার ব্যবহৃত মুঠোফোনটি বাসাতেই ছিল। পরিবারের সদস্যদের সন্দেহ, তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
শিশির সরকারি তোলারাম কলেজ থেকে ২০২৫ সালে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করেন। এসএসসি ও এইচএসসি—দুই পরীক্ষাতেই জিপিএ-৫ পাওয়া শিশির বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানান তার বোন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো জিডি বা অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান।







