ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনের যাত্রীদের বাসভাড়া ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের ৩৪ টাকা ভাড়া চ‚ড়ান্ত করা হয়েছে।
৭ অক্টোবর বুধবার বিকেলে জেলা পরিষদের সম্মেলন কক্ষে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে বাস মালিক, ছাত্র সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
এর আগে ৫ অক্টোবর রাতে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদের সভাপতিতে পরিবহন মালিক ও ছাত্র প্রতিনিধি সহ সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক হয়। সেখানে পরিবহন মালিকেরা ২দিনের সময় চেয়েছে। দুইদিন পর আবারো প্রশাসক বসে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। এ কারণে ছাত্ররা ধর্মঘটের কর্মসূচী স্থগিত ঘোষণা করেন।
জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ জানান, বুধবার আমাদের বৈঠকে যাত্রীদের ভাড়া ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের হাফ পাস ৩৪ টাকা নির্ধারণের সিদ্ধান্ত সবাই মেনে নিয়েছেন। শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টাই এ সুবিধা প্রযোজ্য থাকবে।
বাস মালিকদের ৫৮ টাকা ভাড়া গ্রহণের বিষয়টি মেনে নিলেও তাদের টোল কমিয়ে দেয়ার ব্যবস্থার দাবী জানান।
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব বলেন, বাস ভাড়া নিয়ে বাস মালিকদের মধ্যে একটা জটিলতা সৃষ্টি হয়েছিলো সেটা অনেকাংশে সমাধানের লক্ষ্যে পৌঁছেছি। নীতিগতভাবে সিদ্ধান্তে ঐক্যমতে পৌঁছেছি উভয়পক্ষ আন্তরিকতার সাথে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে।
এর আগে ভাড়া নির্ধারণ নিয়ে প্রশাসন, বাস মালিক ও শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে দুই দফা মিটিং করেও সমাধান হয়নি। দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় ছিলেন। কেউ যেনই নিজেদের অবস্থান থেকে সরে আসছেন না। এ নিয়ে নারায়ণগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছিলো।
সবশেষ গত ১ অক্টোবর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে অতিরিক্ত বাস ভাড়া প্রত্যাহার এবং শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালুর দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলো সাত ছাত্র সংগঠনের জোট ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’। তাদের আল্টিমেটামে বলা হয়েছিলো- ৩ অক্টোবরের মধ্যে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সর্বোচ্চ ৫৫ টাকা ভাড়া নির্ধারণ ও শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী হাফ পাস চালুর দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে ৬ অক্টোবর থেকে সড়ক অবরোধের মাধ্যমে নারায়ণগঞ্জে বাস চলাচল বন্ধ করে দেয়া হবে।
জোটভুক্ত সংগঠনগুলো হলো- বাংলাদেশ ছাত্র ফেডারেশন, জাতীয় ছাত্রশক্তি, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র মজলিস, ছাত্র জমিয়ত বাংলাদেশ ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।






