নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তির সম্মাননা পেলেন ২১ কৃতী শিক্ষার্থী

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর আওতায় নারায়ণগঞ্জ জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ২১ কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট, সম্মানী ও সনদপত্র প্রদান করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাসমিন আক্তার, পিপিএম কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ সম্মানী ও সার্টিফিকেট তুলে দেন।

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৪ সালের এসএসসি এবং ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী পুলিশ সদস্যদের সন্তানদের সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ছাড়াও নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রদান শেষে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, পিপিএম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করতে হবে। খারাপ ও দুষ্ট প্রকৃতির বন্ধুদের সঙ্গ ত্যাগ করতে হবে।”

তিনি আরও বলেন, “মোবাইলে আসক্ত হয়ে সময় অপচয় করা যাবে না। মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নিজের Aim in Life ঠিক করে সে অনুযায়ী নিজেকে গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >