সরকার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করলেও নারায়ণগঞ্জের বাজারে তা ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে নির্ধারিত দামের চেয়ে সর্বোচ্চ ৫৬৩ টাকা বেশি দিতে হচ্ছে গ্রাহকদের।
খুচরা বিক্রেতারা বলছেন, ডিলারদের কাছ থেকেই বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। ডিলারদের দাবি, কোম্পানি থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় দাম বেড়েছে। অন্যদিকে ক্যাবের অভিযোগ, বাজারে তদারকির ঘাটতির সুযোগে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক মো. রায়হান কবির জানিয়েছেন, অতিরিক্ত দামে এলপিজি বিক্রি বন্ধে বাজার তদারকি শুরু হয়েছে। সোমবার সদর উপজেলার অন্তত তিনটি দোকানে জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।








