নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান, স্কুল ভিত্তিক সচেতনতা কর্মসূচি শুরু

ডেঙ্গু প্রতিরোধ এবং জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় বিভিন্ন সড়ক, নালা-নর্দমা, জনসমাগমস্থল ও গুরুত্বপূর্ণ এলাকাগুলো পরিষ্কার করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রতি শনিবার নিয়মিতভাবে এ পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হচ্ছে।

এছাড়া একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত উপজেলা গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে সচেতন করা হবে।

উপজেলা প্রশাসন আরও জানায়, প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছাসেবী দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে উপজেলার প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বেচ্ছাসেবী দল গঠন করা হবে, যাতে পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও বেগবান করা যায়।

উপজেলা প্রশাসনের আশা, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার এ উদ্যোগ সফল হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >