নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুলাই ২০২৬) সকালে পুলিশ লাইনস ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং পরে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাদের সামষ্টিক সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় তুলে ধরেন। এ সময় নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সংশ্লিষ্ট সমস্যাগুলোর দ্রুত সমাধানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় জুন মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন আড়াইহাজার থানার এসআই (নিঃ) অজিত চন্দ্র বর্মন এবং শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন ফতুল্লা থানার এএসআই (নিঃ) মো. আব্দুল হামিদ খান।
এছাড়া শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে ফতুল্লা থানার এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে ট্রাফিক শাখার সার্জেন্ট মো. সাইফুল ইসলাম এবং শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে এসআই (নিঃ) মো. শরীফুল হাসান পুরস্কার লাভ করেন।
ক্লু-লেস মামলা উদ্ঘাটনে বিশেষ অবদানের জন্য ফতুল্লা থানার এসআই (নিঃ) মো. রফিক (বিপিএম), এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার, এএসআই (নিঃ) মনির হোসেন এবং রূপগঞ্জ থানার এসআই (নিঃ) মো. ফজলে রাব্বীকে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া ভালো কাজের স্বীকৃতি হিসেবে জেলা বিশেষ শাখার এসআই (নিঃ) মো. শরীফ হোসেন, এসআই (নিঃ) আশরাফুল সিকদার, এএসআই (নিঃ) মো. সোহেল চৌধুরী, ওয়াচার কনস্টেবল জাহাঙ্গীর আলম এবং কনস্টেবল তারেক মিয়াকে পুরস্কৃত করা হয়।
পরে দুপুর ১২টায় অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় গত জুন মাসের বিভিন্ন মামলার তদন্ত ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জুন ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।
উভয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এছাড়া র্যাব, পিবিআই, সিআইডি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ-পুলিশ ও টুরিস্ট পুলিশের প্রতিনিধিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






