নারায়ণগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় আয়োজিত ‘মৌলিক দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস।
এসময় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র এবং অন্যান্য সুযোগ-সুবিধা বিতরণ করা হয়।





