নারায়ণগঞ্জে রাজনৈতিকভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত জেলার সাতটি থানা এলাকা থেকে ১৭ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
তিনি বলেন, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির ব্যানারে ঝটিকা মিছিলের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্টদের শনাক্ত করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
জেলায় নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নারায়ণগঞ্জের প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ অন্তত ১০টি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। এর মধ্যে সাইনবোর্ড এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়, ফতুল্লা, শহরের সৈয়দপুর, সোনারগাঁ ও কাঁচপুরসহ বিভিন্ন স্থানে পুলিশ তল্লাশি কার্যক্রম জোরদার করেছে। পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদেরও টহল দিতে দেখা গেছে।
তবে প্রতিবেদন লেখা পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে মঙ্গলবার সকাল থেকে শহরের দুই নম্বর রেলগেট এলাকায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের সামমেও সংগঠনের কারও উপস্থিতি দেখা যায়নি।
অন্যদিকে আওয়ামী লীগের কোনো ‘নিষিদ্ধ কার্যক্রম’ ঠেকাকে বিএনপির নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি পালন এবং শহরের প্রধান সড়কে মিছিল করতে দেখা গেছে।






