নারায়ণগঞ্জে নিখোঁজ ছাত্রনেতা সাইদুর রহমানকে দ্রুত উদ্ধারের দাবি জানিযেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার নেতারা। দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক কারণে গুম হওয়ার শঙ্কা করছেন সংগঠনের সদস্যরা।
সোমবার (২২জুন) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে রাখেন জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৌরভ সেন।
সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, গত ১৯ জুন সন্ধ্যার পর থেকে জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক সাইদুর রহমানের সঙ্গে পরিবার ও সংগঠনের নেতাকর্মীদের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার ও সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক কারণে গুম হওয়ার শঙ্কা করছেন সংগঠনের সদস্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৌরভ সেন বলেন, সাইদুর রহমান নিখোঁজ হওয়ার ঘটনায় গত ২১ জুন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাকে খুঁজে বের করার আশ্বাস দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শুধুমাত্র আশ্বাসে সীমাবদ্ধ না থেকে আধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ তৎপরতা ব্যবহার করে দ্রুত সাইদুর রহমানকে সুস্থ ও অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন তারা।







