নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ২৪ দফা নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে: ডিসি রায়হান কবির

নারায়ণগঞ্জের সকল সরকারি দপ্তরের সেবার মান উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মো. রায়হান কবির।

বর্তমান সরকারের প্রথম জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া ২৪ দফা নির্দেশনা বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। গত ৩ থেকে ৬ মে অনুষ্ঠিত ডিসি সম্মেলনের পর এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাজার তদারকি জোরদার, মজুতদারি রোধ, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) এক সাক্ষাৎকারে জেলা প্রশাসক রায়হান কবির বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলায় সেবার মান বৃদ্ধি, স্বচ্ছতা নিশ্চিত এবং জনগণের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযান ও মনিটরিং চলছে।”

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গরুর হাট ব্যবস্থাপনা, যানবাহন চলাচল ও যাত্রীসেবায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। বাসভাড়া বৃদ্ধি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি বাজার মনিটরিং টিম মাঠে সক্রিয় রয়েছে।

তিনি বলেন, “জনগণের নিরাপত্তা ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করাই এখন আমাদের প্রধান অগ্রাধিকার।”

জেলা প্রশাসক আরও বলেন, নারায়ণগঞ্জকে অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সর্বক্ষেত্রে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। “সে যেই হোক, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না,” বলেন তিনি।

সরকারি দপ্তরে জনগণের ভোগান্তি কমিয়ে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

ভূমি সেবা নিয়ে তিনি বলেন, “ভূমি অফিসগুলোতে ডিজিটালাইজেশন কার্যক্রম জোরদার করা হয়েছে। নামজারি, খারিজ ও মিউটেশনসহ সব সেবা অনলাইনে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হয়েছে। দালালমুক্ত ভূমি অফিস গড়তে নিয়মিত মনিটরিং চলছে। কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, “ঈদকে সামনে রেখে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে জরুরি সেবা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওষুধের দাম নিয়ন্ত্রণ ও নকল ওষুধ প্রতিরোধে মাঠ পর্যায়ে অভিযান চলছে। প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর কার্যক্রম জোরদার করা হয়েছে।”

যানজট নিরসনে জেলা প্রশাসক জানান, “নারায়ণগঞ্জ শহর ও প্রধান সড়কগুলোতে ঈদকেন্দ্রিক যানজট এড়াতে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ পার্কিং, রাস্তা দখল ও অটোরিকশার বেপরোয়া চলাচল বন্ধে নিয়মিত অভিযান চলছে। ঈদের আগে ও পরে যাতে নাগরিকরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >