নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে নিয়ে মন্তব্য করে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেছেন, “আইভী ভালো লোক, রাজনীতি করুক। দেখা যাক খেলার মাঠে কতদূর টিকতে পারে।”
সোমবার (১১ মে) বিকেলে নগরীর বালুর মাঠ এলাকার একটি রেস্তোরাঁয় অনলাইন নিউজ পোর্টাল এশিয়া পোস্ট–এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
টিপু বলেন, একটি মহল বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করছে আইভীর জামিন ও রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা সামনে এনে। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “আইভী কি চাঁদের দেশ থেকে এসেছে? একজন তো খেলতে খেলতে দেশ ছেড়ে পালিয়েছে, আরেকজন যদি জেল থেকে বের হয়ে খেলতে চায়, খেলবে। মানুষ সব বোঝে।”
বক্তব্যে তিনি সরাসরি শামীম ওসমান ও ওসমান পরিবারকে নিয়েও কঠোর সমালোচনা করেন। তার দাবি, “শামীম ওসমান পরিবারকে বিএনপি কখনও ভয় পায়নি।” একইসঙ্গে স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, “হাজার হাজার কোটি টাকার সম্পদ কোথায় গেল, সেগুলো কেন সামনে আসে না?”
সাবেক মেয়র আইভীর সময়কার বিভিন্ন ইজারা ও চাঁদাবাজির অভিযোগ টেনে এনে টিপু বলেন, “দিগুবাজারে কার আমলে অবৈধ টাকার পাহাড় গড়ে উঠেছে, মানুষ জানে। যারা চৌকি বসিয়ে টাকা আদায় করেছে, তাদের বিরুদ্ধে তখন কোনো প্রতিবাদ হয়নি।”
নিজের জীবনযাপন প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, “আমি এখনও ভাড়া বাসায় থাকি। এটা বলতে আমার লজ্জা নেই। কিন্তু কেউ যদি রাজনীতি করে অল্প সময়ে কোটি কোটি টাকার বাড়ি বানায়, মানুষ সেটাও দেখে।”
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান–এর সততার উদাহরণ টেনে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “রাজনীতি করতে হলে স্বচ্ছ থাকতে হবে। মৃত্যুর পর যেন ব্যাংক অ্যাকাউন্টে অবৈধ টাকার হিসাব না পাওয়া যায়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রফিউর রাব্বি, মাশুকুল ইসলাম রাজীব, মাওলানা মাঈনুদ্দিন আহমাদ, আবদুল জব্বার, মুফতি মাছুম বিল্লাহ, আফজাল হোসেন পন্টিসহ রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব।
অনুষ্ঠান ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে আইভীকে নিয়ে টিপুর “ভালো লোক” মন্তব্য এবং একইসঙ্গে রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াকে অনেকে আসন্ন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখছেন।







