নারায়ণগঞ্জ ।
,

পুনর্বাসনের দাবিতে ডিসি অফিসে হকারদের বিক্ষোভ , স্মারকলিপি প্রদান

নারায়ণগঞ্জে পুনর্বাসন এবং পুনর্বাসন না হওয়া পর্যন্ত ফুটপাতে বসার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দিয়েছেন হকাররা।

সোমবার (৪ মে) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে দুপুর ১২টার দিকে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হন হকাররা। সেখান থেকে মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় স্ত্রী-সন্তানসহ অনেক হকার বিক্ষোভে অংশ নেন, ফলে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়।

পরে নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী হকার ইউনিয়নের সভাপতি কেএম মিজানুর রহমান রনির নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।

হকার নেতা রনি বলেন, আমরা জীবিকার তাগিদে ফুটপাতে বসে ব্যবসা করি। হঠাৎ করে উচ্ছেদ করলে আমাদের পরিবার নিয়ে পথে বসতে হবে। তাই আমাদের পুনর্বাসনের ব্যবস্থা না করা পর্যন্ত ফুটপাতে বসার সুযোগ দিতে হবে। পাশাপাশি দ্রুত স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। শান্তিপূর্ণভাবে আমাদের দাবি তুলে ধরছি। প্রশাসন মানবিক দৃষ্টিতে বিষয়টি বিবেচনা করবে এটাই আমাদের প্রত্যাশা।

এদিকে হকারদের দাবি, পুনর্বাসন পরিকল্পনা চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিকল্প আয়ের সুযোগ না থাকায় তারা চরম সংকটে পড়েছেন। দ্রুত সমাধান না এলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিবেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >