নারায়ণগঞ্জ । শনিবার
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১ মে) সকালে বন্দর থানাধীন ফরাজিকান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় ডিবির “খ” জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ৭টার দিকে প্রধান ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায়। এসময় নারী কনস্টেবলের সহায়তায় এক নারীকে আটক করা হয়।

আটককৃত নারী মোসাঃ খাদিজা আক্তার (২৮), পিতা মোঃ বাবুল সিকদার। তার বর্তমান ঠিকানা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাসদাইর (ঘোষবাগ, জামালের গ্যারেজ এলাকা)। তার হেফাজত থেকে একটি প্লাস্টিকের বস্তায় রাখা মোট ৩০ (ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাদিজা আক্তার স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় গাঁজার ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানা ও বন্দর থানায় মোট ৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বন্দর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >