নারায়ণগঞ্জে মহান মে দিবস উপলক্ষে বিভাগীয় শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার (১ মে) সকালে নগরীর চাষাঢ়া এলাকা থেকে র্যালিটি শুরু হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠন, মালিকপক্ষের প্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম।
তিনি তার বক্তব্যে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক ও রেজিস্টার অব ট্রেড ইউনিয়নস আফিফা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প পুলিশের (নারায়ণগঞ্জ-৪) পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এছাড়া অতিথি হিসেবে অংশ নেন নারায়ণগঞ্জ মহানগর বিএসপির সদস্য সচিব এডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব।
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বজায় থাকলেই দেশের শিল্পখাত আরও গতিশীল হবে।
আলোচনা সভায় মালিকপক্ষের প্রতিনিধিত্ব করেন বিকেএমইএ’র পরিচালক সালাউদ্দিন আহমেদ শামীম, যিনি শ্রমিকদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস.এম. আসলাম। তিনি শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।






