নারায়ণগঞ্জে বায়ুদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো—ফতুল্লার সস্তাপুর এলাকার জসিম উদ্দিন নিট কম্পোজিট লিমিটেডকে ১ লাখ টাকা এবং কাঠেরপুল এলাকার এসআর নিট ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আসাদুজ্জামান নূর বলেন, “বায়ুদূষণের অভিযোগের প্রেক্ষিতে প্রমাণসাপেক্ষে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।”
তিনি আরও জানান, দূষণকারী কারখানা কিংবা প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ, র্যাব-১১ এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম। এছাড়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন পরিচালনা করেন।





