নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে সহকারী ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও বদলি

ফরিদা পারভীন মেঘলা :  সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত সহকারী ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্র দেবানাথের বিরুদ্ধে দুর্নীতি, গ্রাহক হয়রানি, অসদাচরণ এবং স্থানীয় সাংবাদিকদের হেনস্থার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দ্রুত বদলি ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার বরাবর লিখিত আবেদন করা হয়েছে।

আবেদন সূত্রে জানা যায়, ২০২৩ সাল থেকে এই কর্মকর্তার বিরুদ্ধে নামজারি (মিউটেশন)সহ বিভিন্ন ভূমি সেবা প্রদানে ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়, ঘুষ ছাড়া কোনো ফাইল অগ্রসর হয় না এবং সেবাপ্রার্থীদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়।এছাড়া সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় সাংবাদিকদের হেনস্থার অভিযোগও ওঠে।  সাংবাদিকদের ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে অপদস্ত করে এবং সামাজিক মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে মানহানিকর ভিডিও ছড়িয়ে দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও তার আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিপুল সম্পদের মালিক হয়েছে বলে এলাকায় জনশ্রুতি রয়েছে। পাশাপাশি অতীতে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকলেও প্রভাব খাটিয়ে সে বহাল রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

আরও অভিযোগ করা হয়, দুলাল ঘুষের মাধ্যমে বর্তমান কর্মস্থলে পদায়ন নিয়েছে বলে ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে স্বীকার করেছে,  এ সংক্রান্ত একটি বক্তব্যের ভিডিও ফুটেজ স্থানীয়ভাবে সংরক্ষিত আছে বলেও দাবি করা হয়েছে।

এদিকে, অভিযোগ রয়েছে যে, সংশ্লিষ্ট সংবাদ প্রকাশ বন্ধ করতে সাংবাদিকদের ঘুষ দেওয়ার চেষ্টাও করা হয়, তবে তা ব্যর্থ হয়। এ বিষয়ে সচেতন নাগরিক ও সিদ্ধিরগঞ্জে সহকারী ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বদলি ও পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বার্থে এবং ভূমি অফিসের স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত ওই কর্মকর্তাকে অন্যত্র বদলি এবং তার বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা দুলাল চন্দ্র দেবানাথের বক্তব্য পাওয়া যায়নি। তাকে কল করে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >