নারায়ণগঞ্জ । বুধবার
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় মহাসড়কে ৬ ডাকাত দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

সাভার প্রতিনিধি : আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল, চাইনিজ কুড়াল, সুইজ গিয়ার চাকুসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে আসামিদের ঢাকার আদালতে পাঠানো হয়।

এর আগে সোমবার রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার শ্রীপুর মুক্তা পাম্প সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার।

গ্রেপ্তার আসামিরা হলেন- মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাগুটিয়া চরকাটারী পাড়া এলাকার মৃত শুকচাঁন শেখ ওরফে শুকচাঁন মোল্লার ছেলে মো. শহিদুল ইসলাম ওরফে হাতকাটা শহিদ (৪৪), কুড়িগ্রাম জেলার উলিপুর থানার পারুলের পাড় এলাকার মৃত সেকেন্দারের ছেলে মো. আব্দুর রহিম (৪০), মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাচামারা এলাকার জনাব আলীর ছেলে মো.জুয়েল রানা (৪২), একই এলাকার মৃত লেদু শেখের ছেলে মো. মিজান শেখ (৫০), নাটোর জেলার বাগাতিপাড়া থানার জিগারী এলাকার মৃত মাছেম উদ্দিন প্রামানিকের ছেলে মো. জহুরুল ইসলাম (৪১), সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার তেলিবাজানা এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মো. আব্দুল মমিন (৪০)। তারা সকলেই আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়াবাসায় বসবাস করে আসছিলেন।

পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে গরুর গাড়ি, চিনি, চাউল, তৈল, রডসহ বিভিন্ন পণ্যবাহী গাড়ি টার্গেট করে ডাকাতি করতো চক্রটি। রাতে ওই মহাসড়কের আশুলিয়ার শ্রীপুর এলাকায় একদল ডাকাত পরিবহনে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুলিয়া থানা পুলিশ। এসময় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাদের হেফাজত থেকে একটি খেলনা পিস্তল, একটি চাইনিজ কুড়াল, দুটি সুইস গিয়ার চাকুসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৭টি মামলা রয়েছে। এছাড়া উক্ত ঘটনায় তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে এবং ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >